প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনুস সরকারি সফরে কাতার গেছেন। স্থানীয় সময় রাত ৯টা ৪০ মিনিটে তিনি দোহা’র হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। বিমানবন্দরে পৌঁছানোর পর তাঁকে দেয়া হয় রাষ্ট্রীয় মর্যাদায় লাল গালিচায় অভ্যর্থনা।কাতারের প্রধান প্রোটোকল কর্মকর্তা এবং দোহায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ইব্রাহিম ফাখরু নিজে উপস্থিত থেকে ড. ইউনুসকে স্বাগত জানান। এই উষ্ণ অভ্যর্থনা দ্বিপাক্ষিক সম্পর্কের এক গুরুত্বপূর্ণ বার্তা বহন করে বলে মনে করছেন বিশ্লেষকরা।ড. ইউনুসের এই সফর দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় করার সুযোগ সৃষ্টি করবে বলে আশা করা হচ্ছে। সফরকালে তাঁর কাতারের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠকের সম্ভাবনা রয়েছে। এসব বৈঠকে বাংলাদেশ ও কাতারের মধ্যকার অর্থনৈতিক সহযোগিতা, বিনিয়োগ, সামাজিক ব্যবসা এবং উন্নয়নমূলক প্রকল্প নিয়ে আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে।বিশ্বব্যাপী সামাজিক ব্যবসা প্রসারে অগ্রণী ভূমিকা রাখা ড. ইউনুস বর্তমানে বিভিন্ন দেশের সঙ্গে কৌশলগত সহযোগিতা গড়ে তোলার লক্ষ্যে সফরে রয়েছেন। কাতারে তাঁর উপস্থিতি এই অঞ্চলে সামাজিক ব্যবসার নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।বিশেষজ্ঞদের মতে, কাতারের মতো অর্থনৈতিকভাবে শক্তিশালী দেশের সঙ্গে অংশীদারিত্ব বাংলাদেশকে কর্মসংস্থান, শিক্ষাক্ষেত্র ও প্রযুক্তিগত সহায়তা অর্জনে সহায়তা করবে। এই সফরের মধ্য দিয়ে ভবিষ্যতের জন্য একটি শক্তিশালী দ্বিপাক্ষিক কাঠামো তৈরির ভিত্তি রচিত হতে পারে।ড. ইউনুসের এই সফর শুধু রাজনৈতিক ও কূটনৈতিকভাবে নয়, বরং অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলে বিশ্বাস সংশ্লিষ্ট মহলের।
-সিএ প্রেস উইং

