La Liga প্রেসিডেন্ট জেভিয়ের তেবাস এক বিস্ফোরক বক্তব্যে রিয়াল মাদ্রিদের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন। তেবাসের দাবি, পেরেজ ফুটবলের স্বার্থে নয়, বরং নিজের ইচ্ছেমতো সবকিছু নিয়ন্ত্রণ করতে চান।তেবাস বলেন, “এটা ফুটবল নয়, এটা ক্ষমতার খেলা। তিনি (পেরেজ) আমাকে অপছন্দ করেন কারণ আমি তার ইচ্ছামতো চলি না। উয়েফা প্রেসিডেন্ট সেফেরিনকেও পছন্দ করেন না, কারণ সেও তার কথায় নাচেন না।
”তেবাস আরও অভিযোগ করেন, “তিনি এমনকি টিভি ধারাভাষ্যকারদেরও পছন্দ করেন না যদি তারা তার কথা না বলে। রেফারিদের সংস্কারের বিরুদ্ধেও তিনি, কারণ সেটাও তার পছন্দ নয়।”সম্প্রতি রেফারিদের নিয়ে রিয়াল মাদ্রিদ টিভির লাগাতার সমালোচনায় রেফারিরা বিরক্ত। এর জবাবে পেরেজ কোনো আনুষ্ঠানিক প্রতিবাদ না করে ‘নিজস্ব কৌশলে’ প্রতিক্রিয়া জানান। যেমন: লা কার্তুজায় দলের ট্রেনিংয়ে না যাওয়া, কোপা দেল রে ফাইনালের অফিসিয়াল আয়োজনে অনুপস্থিত থাকা, এমনকি ফাইনালে উপস্থিত না হওয়ার খবর ছড়িয়ে দেওয়া।তেবাসের ভাষায়, “তিনি প্রতিবাদ করেন না, চাপ প্রয়োগ করেন। অভিযোগ করেন না, হুমকি দেন। মতভেদ করেন না, শাস্তি দেন। তিনি ফুটবলকে এগিয়ে নিতে চান না, তিনি নিজের মতো করে ফুটবল বানাতে চান।
”তেবাস আরও বলেন, “সবচেয়ে ভয়ংকর বিষয় হচ্ছে, অনেকেই তাকে এতে সহায়তা করে, সম্মতি দেয়।”

